রংপুরের মিঠাপুকুর উপজেলায় জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) উপজেলার বালুয়া মাসিমপুর ও মিলনপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া এবং মিলনপুর ইউনিয়নের চর তরফসাদী এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব না হলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ আনুষঙ্গিক সকল সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অকেজো করে দেওয়া হয়। অভিযানে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
"অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এই অপতৎপরতা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।