ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে বাজার থেকে ভোজ্য তেল উধাও এর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেনী প্রেসক্লাবের সামনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাব ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক নাসিম আনোয়ার জাকির সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সৈয়দ মামুন, কাজী নজরুল ইসলাম,জাহিদ হাসান প্রমুখ।
ক্যাব ফেনী জেলার যুগ্ম আহবায়ক নাসিম আনোয়ার জাকি জানান, কারসাজির মাধ্যমে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভ এর উদ্দেশ্যে ভোজ্য তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও জ্বালানি তেল নিয়েও সারাদেশে এক অরাজক পরিস্থিতি চলছে। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফেনীতেও এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ক্যাব ফেনী জেলার সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল বলেন, ক্যাব অতীতেও ভোক্তাদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সদস্য সৈয়দ মামুন বলেন, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ক্যাব ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এবং কলেজ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।