জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সামছুল খান শুটকু নামে এক ৮০ বছরের বৃদ্ধের বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় আগুনে তার ৬টি ছাগল মারা যায়।
বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ পাতার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সামছুল খান ওই এলাকার মৃত ইস্কর আলী খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কয়েল বা চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সামছুল খান শুটকু বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে আসি। কিন্তু ঘরের কিছুই বের করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, রাতেই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন বলেন, শুটকু খান অত্যন্ত দরিদ্র। অগ্নিকাণ্ডে তার সবকিছু পুড়ে গেছে। সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।