উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৪ ইটভাটাকে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকেই র্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযানে মিঠাপুকুর থানার ভগবতীপুর ও রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, টায়ারসহ ক্ষতিকর পদার্থ পোড়ানো এবং শব্দদূষণের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আর আর ব্রিকসের মালিক মোঃ রবিউল প্রামানিককে ৫ লাখ টাকা, এল কে এস ব্রিকসের মালিক মোঃ নাজমুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা, মোঃ সাজেদুল ইসলামকে ৪ লাখ টাকা এবং মোঃ রবিউল ইসলামকে ৪ লাখ টাকা।
র্যাব-১৩ জানায়, অবৈধ ইটভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।