চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে সনদ ও সরকারি ডিউস ছাড়াই বালু উত্তোলনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যৌথভাবে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
রোববার (৫ মার্চ) সকাল ১১টায় বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারী উপকূলজুড়ে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি জানান, ফরওয়ার্ড ডিউস, রিভার ডিউস ও সার্ভে সনদ ছাড়াই বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
এমবি সিপাত অ্যান্ড আনোয়ার এন্টারপ্রাইজ: ৩০ হাজার টাকা
এমবি কে আর অ্যান্ড এস কে ড্রেজার: ৩০ হাজার টাকা
এমবি হামজা হিমু: ৩০ হাজার টাকা
এমবি জিওন ড্রেজার-২: ৪০ হাজার টাকা
দয়াল ভরসা ড্রেজার: ২০ হাজার টাকা
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নদী ও উপকূলীয় পরিবেশও ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি জানান।