শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 'ইস্টার সানডে' ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে দিনব্যাপী বিশেষ প্রার্থনা, উপাসনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।
রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশুখ্রিস্টের গুণকীর্তনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের শিশু, নারী ও পুরুষরা সমবেত হয়ে বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন।
উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এদিন সকালে মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি প্রভাত প্রার্থনা পরিচালনা করেন। পাশাপাশি পরিবেশিত হয় ধর্মীয় সংগীত, যা উৎসবে ভক্তিময় আবহ তৈরি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। 'ইস্টার সানডে' উপলক্ষে উপজেলার প্রতিটি গির্জায় মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে কেক উপহার পাঠানো হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, 'ইস্টার সানডে' খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে এ দিনটি উদযাপন করা হয়।