খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল বাজারের সেঞ্চুরি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মহিদুজ্জামান। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়ার হোগলাডাঙ্গা গ্রামের মরহুম শিক্ষক মো. আবুল হোসেন শেখের ছেলে মো. মহিদুজ্জামান। তিনি পেশায় একজন ইসলামী সংগীত শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর। এছাড়া তিনি ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
লিখিত বক্তব্যে মহিদুজ্জামান অভিযোগ করেন, গত ২ এপ্রিল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজার সেঞ্চুরি ফিলিং স্টেশনে তিনি তেল নিতে যান। সেখানে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে থাকলেও সাধারণ গ্রাহকদের তেল দেওয়া হচ্ছিল না। অভিযোগ অনুযায়ী, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের নেতৃত্বে নিয়ম বহির্ভূতভাবে মোটরসাইকেলে তেল না দিয়ে ৫/১০/৩০ লিটারের বড় বড় ড্রাম ও পটে তেল সরবরাহ করা হচ্ছিল।
মহিদুজ্জামান এই অবৈধ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও লাইভ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম। মহিদুজ্জামান বলেন, "আশরাফুল ইসলাম আমাকে বলেন- তুই ভিডিও করার সাহস কোথায় পেলি? এরপর 'তুই জামায়াত করিস' বলে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে শত শত মানুষের সামনে আমাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। প্রায় ৪-৫ মিনিট ধরে তিনি আমাকে অনবরত মারতে থাকেন। এক পর্যায়ে আমার ফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন এবং ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন।"
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত শেখ আশরাফুল ইসলাম এলাকায় মাদক, জুয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতিপূর্বে তিনি চুরির দায়ে গণপিটুনি খেয়েছেন এবং জুয়ার আসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। একজন চিহ্নিত অপরাধী কিভাবে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন, তা নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন রয়েছে।
এ সময় মহিদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও সন্ত্রাসী আশরাফুল ইসলামকে অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।" একইসাথে তিনি প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
