চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা প্রশাসনের অভিযানে একটি অবৈধ তেলের ডিপো থেকে প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে “কালো তেলের ডিপোতে” এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অভিযানে ডিপো থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। ঘটনাস্থলে টিনের ঘেরা ডিপোর ভেতরে বড় তিনটি ট্যাংক এবং শতাধিক ড্রামে তেল মজুত অবস্থায় পাওয়া যায়। তবে অভিযানের সময় ডিপোর মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ। এ সময় র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, জব্দ করা তেল আদালতে উপস্থাপন করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই; অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি মজুত করছে।
তিনি আরও বলেন, ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত তেল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুত ও কালোবাজারির বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত ৯৮টি মামলা দায়ের এবং ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।