কক্সবাজারের চকরিয়া উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে ওজনে কারচুপির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকায় খুচরা জ্বালানি তেলের দোকান পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত দামে তেল বিক্রি এবং ওজনে কারচুপির প্রমাণ পাওয়ায় দুই দোকানিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহ সংকটের অজুহাতে উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন বিক্রি সীমিত বা বন্ধ রাখছে। এতে ভোক্তারা বিপাকে পড়ছেন। এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে কিছু খুচরা বিক্রেতা বাড়তি দামে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় এবং ওজনে কারচুপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।