শনিবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় তথ্য গোপন করে অকটেন মজুদ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভাটিয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে একই অভিযানের অংশ হিসেবে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিকভাবে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।