নরসিংদীর পলাশে বালুর গর্তের পানিতে ডুবে শিহাবুল ইসলাম শিহাব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
আলমগীর হোসেন নামে স্থানীয়দের একজন জানান, বেলা সারে ১২ টার দিকে শিহাব সহ আরো চারজন গোসল করার জন্য গজারিয়ার বিলে বালির গর্তের পানিতে গোসল করতে নামে। পানিতে নেমে মুহূর্তের মধ্যে শিহাব তলিয়ে যায়। এ সময় অন্যরা শিহাবকে তীরে উঠতে না দেখে দৌড়ে গিয়ে বাড়িতে খবর জানায়। খবর পেয়ে এলাকাবাসী পানিতে নেমে শিহাবকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহায়তায় বিকেল চারটার দিকে শিহাবের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
শিহাবের মরদেহ উদ্ধারের পর এক হৃদয়বিদারক ঘটনার সৃস্টি হয়।
শিহাবুল ইসলাম শিহাব নরসিংদী শহরের নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং গজারিয়া গ্রামের ইউসুফ মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম জানান, গজারিয়া গ্রামের ইউসুফ মিয়ার এক ছেলে ও এক মেয়ে। অতি কষ্টে সংসার চালিয়ে সন্তান দুটিকে এতটুকু বড় করেছেন ইউসুফ। শিহাব আরো চারজনের সাথে হঠাৎ করেই আজ গোসল করতে গিয়ে সাঁতার না জানায় তলিয়ে যায়। স্থানীয়ভাবে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের মোহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্বে এরশাদুল ইসলাম, ইদ্রিস আলী ও মিরাজ হোসেন ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ মিনিটের মাথায় সিহাবের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।
ডুবুরি দলের প্রদান ইদ্রিস আলী জানান, শিহাব সাঁতার না জানার কারণে এবং পরনে জিন্সের প্যান্ট থাকায় তীরে উঠতে ব্যর্থ হয়েছে। তার আলামত অনুযায়ী প্যান্ট খোলার জন্য বারবার চেষ্টা করলেও পায়ের নিচে আটকে যাওয়ায় প্যান্ট খুলতে ব্যর্থ হওয়ায় সে তীরে উঠতে পারেনি যার কারনে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।