× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২; মহাসড়ক ছয় লেনের দাবি স্থানীয়দের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১৭:৫৪ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশ যেন ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় ঝরছে তাজা প্রাণ। সর্বশেষ চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা একটি ট্রাক ও মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (২৮)।

তাদের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশ এখন যেন এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, কিন্তু দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই। প্রতিটি দুর্ঘটনার পর কিছুদিন আলোচনা হলেও বাস্তবে পরিবর্তন আসছে না।

সচেতন মহল বলছে, সড়কটি সরু হওয়া, অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি এবং অনিয়ন্ত্রিত ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ভোর ও গভীর রাতে এই ঝুঁকি আরও প্রকট হয়ে ওঠে।

তাদের দাবি, মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। পাশাপাশি স্পিড মনিটরিং, নিয়মিত হাইওয়ে টহল, সিসিটিভি স্থাপন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না নিলে এই মৃত্যুর মিছিল থামবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.