মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে টংগীবাড়ী থানাধীন দ্বিপাড়া এলাকায় সিকদার ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় কামাল হোসেনকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক কামাল হোসেন টংগীবাড়ী উপজেলার কান্দাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।