নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার বসুরহাট বাজার-এর হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কোম্পানীগঞ্জ স্টেশনের কর্মকর্তা উত্তম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ সক্রিয় ছিল। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।