নড়াইলে মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলায় পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল কালিয়া উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহবুবুর শেখ ও খায়রুল মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার ঈদের দিনে মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে গতকাল সোমবার দুই পক্ষ সংঘর্ষ জড়ায়।
এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ উভয় পক্ষের অনন্ত ২৫ জন আহত হয়৷ আহতদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচি বলেন, সংঘর্ষে আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, এখন তারা আশঙ্কা মুক্ত রয়েছে।
দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.হাসানুল কবির বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।