কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু ডাউন ‘চট্টগ্রাম মেইল’ চট্টগ্রামের দিকে রওনা হয় এবং ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। একই সঙ্গে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে এবং আশা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।
এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।
এ দিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ সদস্যের এই দুই কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।