ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।
সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা: মো: রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন।
স্বাগত বক্তব্য দেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জাকির উদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন,“শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে এ বিষয়ে। পাশাপাশি আমরা যেসব বাসা বা ভবনে থাকি তার আশপাশ সবসময় খেয়াল রাখবো যে কোথাও পানি জমে আছে কি না। আমরা সচেতন থাকলে মোটামুটি ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। পাশাপাশি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসসহ যে সমস্ত বিভিন্ন অফিস রয়েছে এগুলো আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।”
পরবর্তীতে ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় দমদমা খাল এবং উপজেলা পরিষদ ফেনী-এর ব্যবস্থাপনায় ডাকাতিয়া খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের সূচনা করা হয়।