× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সলিমপুরে প্রয়োজন হলে কামান বসানো হবে: ডিআইজি আহসান হাবীব

এম. জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

১০ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় চলমান যৌথ বাহিনীর অভিযানের মধ্যে সেখানে স্থায়ীভাবে দুটি তল্লাশিচৌকি বসানোর ঘোষণা দিয়েছে পুলিশ। প্রয়োজনে নিরাপত্তা জোরদারে কামানও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব।

সোমবার (৯ মার্চ) ভোররাতে জঙ্গল সলিমপুর এলাকায় শুরু হওয়া অভিযান চলাকালে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এখানে দুটি ক্যাম্প থাকবে। ক্যাম্পের নিরাপত্তাবিধানে যদি কামান দেওয়া লাগে, আমরা কামান দেব।”

সন্ত্রাসীদের ধরতে সোমবার ভোর ছয়টা থেকে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সমন্বয়ে বড় ধরনের অভিযান শুরু হয়। অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নেন। দুপুর পর্যন্ত অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানান ডিআইজি। তবে আটক ব্যক্তিদের মধ্যে আলোচিত কোনো সন্ত্রাসী নেই।

ডিআইজি আহসান হাবীব বলেন, “ভোর থেকেই আমরা এখানে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং আমরা সেটি করতে পেরেছি। আজ থেকে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প এখানে কাজ করবে।”

তিনি আরও বলেন, “এই এলাকাটি এত বড় যে বাস্তবে না এলে এর ব্যাপ্তি কল্পনাও করা যায় না। আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনকে অনুরোধ করব, এ এলাকার জন্য নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করতে।”

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “এখানে প্রশাসনের যে কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন ছিল, তা এখন প্রতিষ্ঠিত হয়েছে। সরকার আগে এই এলাকা ঘিরে যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, সেটি আমরা এখন বাস্তবায়ন শুরু করব।”

সোমবার ভোর থেকে পরিচালিত অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশিচৌকি।

অভিযান চলাকালে পাহাড়ি এলাকার ভেতরে স্থাপিত একটি সিসিটিভি কন্ট্রোল রুমসহ একাধিক স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এসব স্থাপনার মাধ্যমে এলাকাজুড়ে চলাচল ও বিভিন্ন কার্যক্রম নজরদারি করা হতো বলে ধারণা করা হচ্ছে।

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর বিভিন্ন অপরাধী চক্র ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সেখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি।

এলাকায় পাহাড় কাটা ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে শক্তিশালী একটি চক্র সক্রিয় রয়েছে। এসব কার্যক্রম টিকিয়ে রাখতে গড়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসী নেটওয়ার্ক, যা দীর্ঘদিন ধরে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, চলমান এই অভিযানের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ দখল ও অপরাধী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.