× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুনারুঘাটে লন্ডন প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন : ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লন্ডন প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (৯ মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মাটিকাটার কাজ বন্ধ করে দেন এবং স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।

জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আব্দুস সালামের বাড়ির রাস্তা কেটে পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছোট ভাই আজিজুর রহমান দুলাল। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আজিজুর রহমান দুলাল উল্লেখ করেন, একই গ্রামের হাজী সিকান্দর আলীর ছেলে আব্দুল হাই জোরপূর্বক তাদের বসতবাড়ির রাস্তা কেটে গভীর পুকুর খনন শুরু করেন। এ সময় তিনি মৌখিকভাবে বাধা দিলে আব্দুল হাই তাকে গালমন্দ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরও জানান, বিষয়টি গ্রামের মুরুব্বি ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে অবগত করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং প্রতিনিয়ত হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। পরে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

আজিজুর রহমান দুলাল বলেন- “আব্দুল হাই বনগাঁও গ্রামের একজন উশৃঙ্খল ব্যক্তি। তিনি প্রায়ই মানুষকে গালমন্দ করেন এবং তার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। ইচ্ছাকৃতভাবে আমাদের ঘরের সাথে লাগানো জমি অন্যত্র বিক্রি করে পুকুর খনন করছেন। তার অত্যাচার থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন- অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.