× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এনএসইউতে “হার লিডারশিপ, হার লিগ্যাসি: শেপিং ক্যারিয়ারস, শেপিং টুমোরো” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

০৯ মার্চ ২০২৬, ১৪:৪০ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) “হার লিডারশিপ, হার লিগ্যাসি: শেপিং ক্যারিয়ারস, শেপিং টুমোরো” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। 

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পেশাগত উৎকর্ষতা এবং ব্যক্তিগত উত্তরাধিকার—এই দুই বিষয়কে কেন্দ্র করে আয়োজিত আলোচনায় নেতৃত্বের ক্ষেত্রে প্রভাব ও সততার গুরুত্ব তুলে ধরা হয় এবং এ ধরনের সংস্কৃতি গড়ে তোলার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি কর্মক্ষেত্রের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে আরও বক্তব্য দেন এনএসইউর ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ড. ফারজানা নাহিদ, এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ও অধ্যাপক ড. নাজলি সিদ্দিকী এবং ইংরেজি অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের চেয়ার ও সহকারী অধ্যাপক ড. নাজিয়া মনজুর। তাঁরা নিজ নিজ অভিজ্ঞতা থেকে মেন্টরশিপ ও প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমতা ভিত্তিক সমাজ গঠনে এসব উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সেমিনারে নারীর পেশাগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেসব বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যৌন সহিংসতার ঘটনাবৃদ্ধি নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কর্মজীবনে অগ্রগতি ও নিরাপদ পরিবেশ— এই দুই বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ব্যারিস্টার রাশনা ইমাম এ ক্ষেত্রে আইনের ভূমিকা এবং নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা কর্মক্ষেত্র ও সমাজে হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ ব্যবস্থা এবং সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের আলোচনায় একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান বাস্তব জীবনের নেতৃত্ব ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করার বিষয়টি উঠে আসে, অন্যদিকে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পেশাগত সাফল্য অর্জনে সমাজের সব স্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.