× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

এম. জামশেদ আলম সীতাকুণ্ড প্রতিনিধি:

০৯ মার্চ ২০২৬, ১৪:৩৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস দমন ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর ছয়টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নিচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, অভিযান শুরুর আগে ভোর থেকে জঙ্গল সলিমপুর এলাকার চারপাশ ঘিরে ফেলা হয়। সম্ভাব্য পালানোর পথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি। যাতে অভিযানের সময় কেউ এলাকা থেকে বের হয়ে যেতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, যৌথ বাহিনীর চার সহস্রাধিক সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করছেন। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পর নতুন উদ্যোগ

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনার পর এলাকাটি আবারও আলোচনায় আসে এবং সেখানে বড় পরিসরে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন অভিযানটি স্থগিত রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর র‍্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে। মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, র‍্যাব সদস্যরা আসামি গ্রেপ্তারে গেলে মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে সন্ত্রাসীরা রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং চার র‍্যাব সদস্যকে অপহরণ করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

দুর্গম পাহাড়ে গড়ে ওঠা অবৈধ বসতি

জঙ্গল সলিমপুর এলাকা চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড়ি এলাকা জুড়ে এর বিস্তৃতি। প্রশাসনিকভাবে এটি সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিকভাবে নগরের কাছাকাছি।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে এটি বিভিন্ন অপরাধী চক্রের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে প্লট বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

এই দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী, যারা সার্বক্ষণিক পাহারায় থাকে বলে অভিযোগ রয়েছে।

অতীতেও সংঘর্ষ ও হামলার ঘটনা

র‍্যাবের ওপর হামলার আগেও গত বছরের অক্টোবরে জঙ্গল সলিমপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। পরদিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, চলমান অভিযানের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ দখলদারিত্ব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.