নারায়ণগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। ছিনতাইকারীর ব্যবহৃত মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালকুড়ি এলাকায় রোববার সকালে তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকিয়ে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে । দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুনে পুরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।