কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।
এতে অংশ নেয় কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।