ছবি: সংবাদ সারাবেলা।
ঢাকা, ০৪ মার্চ ২০২৬: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) ৩ মার্চ ২০২৬ এনএসইউ ‘এসএইচএসএস ডিস্টিংগুইশড ওয়েবিনার সিরিজ’-এর অংশ হিসেবে "শ্রম অধিকার থেকে কর্পোরেট ঝুঁকি: উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা" শীর্ষক ওয়েবিনার আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্সেস পো-এর প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (পিএসআইএ)-এর আন্তর্জাতিক আইনের অধ্যাপক রোজম্যারি অ্যান বায়ার্ন।
অধ্যাপক রোজম্যারি বায়ার্ন তার উপস্থাপনায় আন্তর্জাতিক অভিবাসী অধিকারের গুরুত্বপূর্ণ কিন্তু আইনগতভাবে উপেক্ষিত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন — বিশেষভাবে তিনি বিশ্বব্যাপী অস্থায়ী শ্রম এবং দ্বিপাক্ষিক শ্রমচুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন উপসাগরীয় অঞ্চলের অস্থায়ী অভিবাসন প্রকল্প, যেগুলো প্রায়শই প্রশাসনিক স্পনসরশিপ বা 'কাফালা' ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। তার মতে এসব প্রকল্প সম্পূর্ণ বিচ্ছিন্ন বা অপ্রচলিত নয়; বরং এগুলো উন্নত দেশগুলোর অভিবাসন নীতিকেও প্রভাবিত করতে শুরু করেছে।
বায়ার্ন আরো বলেন, বর্তমান সময়ের দ্বিপাক্ষিক শ্রমচুক্তির বিস্তার মৌলিক মানবাধিকারের চেয়ে শ্রম ব্যবস্থাপনা এবং লেনদেনসংক্রান্ত নিয়মগুলোকে অগ্রাধিকার দেয়। এ ধরনের আইনি ব্যবস্থা অভিবাসী শ্রমিকদের জাতীয়তার ওপর বহুলাংশে নির্ভরশীল, যার ফলে কর্মীরা তাদের নাগরিকত্বের ওপর ভিত্তি করে অসম মজুরি এবং বৈষম্যমূলক পরিস্থিতির শিকার হয়। অভিবাসী কর্মী প্রেরণকারী দেশগুলো তাদের প্রবাসী নাগরিকদের কূটনৈতিক সুরক্ষা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিবাসন প্রবাহ পরিচালনা করতে পারলেও এটি প্রতিষ্ঠিত মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে তিনি মনে করেন। পরিশেষে অধ্যাপক বায়ার্ন আইন পেশাজীবীদের উদ্দেশ্যে এই বিকল্প নিয়ন্ত্রক কাঠামোগুলো তৃণমূল পর্যায়ে অভিবাসী সুরক্ষার বাস্তবতাকে কীভাবে নতুন আকার দিচ্ছে তা অনুসন্ধানের আহ্বান জানান।
সূচনা বক্তব্যে এসএইচএসএস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম অভিবাসী কর্মীদের ক্রমবর্ধমান হারে পণ্যকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিবাসী কর্মীদের সুরক্ষার জন্য প্রচলিত বহুপাক্ষিক ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে আন্তঃরাষ্ট্রীয় দ্বিপাক্ষিক চুক্তি দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, যা অনেক সময় তাদের অধিকারকে খর্ব করছে বলে তিনি উল্লেখ করেন।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স- এর (এসআইপিজি) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) কো-অর্ডিনেটর ড. সেলিম রেজা।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থীরা অভিবাসী স্পনসরশিপ ব্যবস্থাগুলোর সীমাবদ্ধতা, কাফালা ব্যবস্থা, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির (বিএলএ) অস্বচ্ছতা এবং অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতে কর্পোরেট আচরণবিধির ভূমিকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অধ্যাপক বায়ার্নের সাথে আলোচনা এবং মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
