× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। আহত অবস্থায় উদ্ধার হওয়া হালিমা আক্তার স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

অপরদিকে পুত্রবধূ হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ মুখ বাঁধা অবস্থায় ৩–৪ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জানান, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে এলাকায় নিরাপত্তা ফিরে আসে।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব জানান, ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.