বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ জানায়, সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকায় দিয়ে তিনজন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটককৃতদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে ৩জন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে ৩ জন আরকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে অবগত করেননি, আটকের বিষয়ে বিস্তারিত বিজিবি জানবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।