সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল করিম (২৫) নামে এক যুবককে আটক করে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালানোর সময় রেজাউলকে হাতেনাতে আটক করেন বাড়ির লোকজন। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
গ্রামবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। পরিবারের পক্ষ থেকে একাধিকবার শাসন ও সংশোধনের চেষ্টা করা হলেও তিনি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেননি। এর আগেও তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল এবং কিছুদিন কারাভোগের পর এলাকায় ফিরে এসে পুনরায় চুরিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
সোমবারের ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে নিতে আসেনি বলে স্থানীয়রা জানান। বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চুরির অভিযোগে আটক ব্যক্তিকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।