× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানে ন্যায্য মূল্যে মিলবে প্রোটিন সমৃদ্ধ খাবার ও টিসিবির পণ্য

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯ পিএম

রংপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভোক্তারা ন্যায্য মূল্যে দুধ, ডিম ও ড্রেসেড মুরগি কিনতে পারবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ডিসির মোড়ে (শহীদ হাদি চত্বর) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল হুদাসহ প্রশাসনের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন


অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসকে ঘিরে ভোক্তাদের সুবিধার্থে নগরীর ৭টি পয়েন্টে প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। খামারিরা সরাসরি খামার থেকে পণ্যগুলো বিক্রয় কেন্দ্রে বিক্রি করবেন। এ কার্যক্রমের মাধ্যমে ভোক্তা ও খামারী উভয় লাভবান হবেন বলে জানিয়েছে প্রাণিসম্পদ কর্মকর্তা।


জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, প্রোটিন সমৃদ্ধ খাবার বিক্রয় কেন্দ্রের কার্যক্রম রমজান মাসজুড়ে চলবে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি বাজার মনিটরিং করা হচ্ছে। যেন রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা সুযোগ না নেয়। আশা করছি পুরো রমজান জুড়ে নিত্য প্রয়োজনী পণ্য কেনাকাটা করে ভোক্তারা স্বস্তি পাবেন।


এদিকে, রমজান মাস উপলক্ষে সারা দেশের মতো রংপুর নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।


রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রির কারণে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। যে স্পটে টিসিবির ট্রাক দাঁড়াবে, সেই স্পটে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নিম্ন-মধ্য আয়ের মানুষকে।


এ কর্মসূচির আওতায় ভোক্তারা প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজানের নিয়মিত পণ্যের সাথে ছোলা এবং খেজুর যুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন প্রায় ৪০০ জন গ্রাহক। সেই হিসেবে প্রতিদিন ৬ হাজার মানুষ এই পণ্য নিতে পারবেন।


টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক ও অফিস প্রধান হাবিবুর রহমান বলেন, পণ্যগুলি সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও টিসিবির পণ্যগুলি কিনতে পারবেন। রংপুর সিটি করপোরেশনের আওতায় নিম্ন আয়ের মানুষ যাতে সবাই পণ্য সংগ্রহ করতে পারে, সেই জন্য একেক দিন একেক স্পটে বিক্রি হবে পণ্য।

তিনি আরও বলেন, তবে আপাত রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ট্রাকসেলে বিক্রির সিদ্ধান্ত রয়েছে। রংপুর সিটি ছাড়া বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় ৫টি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.