উপকূলীয় জনজীবনের রক্ষাকবচ ও বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি)সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক-সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য দেন রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা ও রুবিনা পারভীন।
বক্তারা বলেন, সুন্দরবন বর্তমানে বহুমুখী সংকটের সম্মুখীন। এর মধ্যে রয়েছে—অবৈধ বন উজাড় ও দখল, বন্যপ্রাণী নিধন, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ, শামুক সংগ্রহ ও বিক্রি, নদী-খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।