শেরপুর-১ আসনের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
এ সময় কেন্দ্রের বাইরে হট্টগোল হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক প্রথম আলোকে বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো বাক্সে ফেলার আগেই বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ভোট গ্রহণ কার্যক্রম স্বাভাবিক আছে।