× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৬ পিএম

জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে বিএনপি, ছাত্রদল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে জেলা শহরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভবানন্দহাট এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই যোগদান সম্পন্ন হয়।


যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।


জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—চওড়া বড়গাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা সম্রাট, ছাত্রদলের সাবেক ইউনিয়ন সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১, ২, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল ও ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।


এছাড়াও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী মন্টু রাম রায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।


যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, গত প্রায় ১৭ বছর ধরে তারা রাজনৈতিকভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নিপীড়িত হয়েছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছে—যা তাদের ত্যাগ ও আন্দোলনের প্রতি চরম অবমূল্যায়নের শামিল।


পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির সুস্পষ্ট ও দৃশ্যমান অবস্থান না থাকায় তারা গভীরভাবে হতাশ হয়েছেন। এসব কারণেই তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলীর সঙ্গে একাত্ম হয়েছেন বলে জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, “একটি রাজনৈতিক দলের দীর্ঘদিনের দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মে অতিষ্ঠ হয়েই বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আজ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। জামায়াতের আদর্শ এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা—দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”


চওড়া বড়গাছা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.