ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র নির্বাচনী শেষ জনসভা রূপ নেয় জনতার মহামিলনে। বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে ওঠে উত্তাল ও মুখর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ও বক্তারা শেরপুর-২ আসনকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের পথে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে এই আসনে বৈষম্য ও লুটপাটের রাজনীতি চিরতরে বন্ধ করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে জাকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন পথের দিশা পেয়েছে। এখন সময় এসেছে চাঁদা ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক তুকাত গাজী উসমান এবং তুরস্কের পাশা বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজুর রহমান ভোটারদের প্রতি ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মু. গোলাম কিবরিয়া ভিপি। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, “শেরপুর-২ আর কোনো অন্যায় ও দুর্নীতির আশ্রয়স্থল হবে না। আপনাদের সমর্থনেই এই জনপদকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করা হবে।”
জনসভা শেষে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।