আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে (দৌলতপুর, ঘিওর ও শিবালয়) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দৌলতপুর উপজেলা সদরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আগে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হন।
গণমিছিলে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বৃহৎ মিছিল বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া সমেতপুর, চকমিরপুর, চরকাটারি, বাচামারা, খলসি, কলিয়া, ধামশ্বর ও জিয়নপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলটি দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল সড়ক, চকমিরপুর, কালীবাড়ী, দৌলতপুর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পি এস উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির। তিনি বলেন, “মানিকগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের এই গণজোয়ার প্রমাণ করে, এবার ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু, মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও রবিন আহমেদ সামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।