মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক বিস্তৃত উন্নয়ন ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরশহরের জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে বর্তমান সময়কে সম্ভাবনার দ্বার উন্মোচনের সময় উল্লেখ করে বড়লেখা ও জুড়ী উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, মানবিক, ইনসাফভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা-জুড়ী গড়ে তোলাই এ ইশতেহারের মূল লক্ষ্য বলে জানানো হয়।
ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক উন্নয়ন, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক নগরায়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু, শিক্ষা ঋণ ও বৃত্তির ব্যবস্থা এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লার্নিং সুবিধা ও কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের ঘোষণাও দেওয়া হয়।
স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলে মোবাইল মেডিকেল সার্ভিস চালুর পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।
চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি বাস্তবায়ন, শিক্ষা ও ভূমি সমস্যার সমাধানে বিশেষ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের জন্য বিনা লাভে কৃষি ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, হাওরকেন্দ্রিক পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। পর্যটন শিল্প বিকাশে পর্যটন জোন, স্টেডিয়াম, বিনোদন পার্ক ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও ইশতেহারে স্থান পায়।
দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ, বিশেষ মনিটরিং সেল গঠন এবং সকল বাজার সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের নিরাপত্তা এবং সর্বোপরি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “সব ধর্ম, নারী-পুরুষ ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বড়লেখা-জুড়ী গড়ে তুলতে চাই। এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই এ অঞ্চলের আগামীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার-১ আসনের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা এনামুল হক, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমেদসহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
