চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বার্মা কলোনীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে।
মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বার্মা কলোনী এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে। পরে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সর্বমোট ৩৪৫ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।