ছবি: সংবাদ সারাবেলা।
মৌলভীবাজার শহরের চৌমুহনা পয়েন্টে সিয়াম নামে লাড্ডু বিক্রি করা ১২ বছরের এক শিশুকে চাঁদার টাকা না দেয়ার অপরাধে মারধর ও লাথি মেরে লাড্ডু ফেলে দেয়ার অভিযোগ উঠেছে রতন নামে এক যুবকের বিরুদ্ধে। এমন অভিযোগে শহরের চৌমুহনা এলাকায় রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটেছে।
সোমবার রাত ১০ টার দিকে শহরের ব্যস্ততম চৌমুহনা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঘটনাস্থলে থাকা শতাধিক জনতা। তারা চাঁদাবাজ ওই যুবককে গ্রেফতার করে শাস্তিও দাবি করেন এসময়।
জানা যায়, শহরের শ্যামলী রোডে বাবা-মা সহ পরিবারের সাথে থাকেন সিয়াম নামের ওই শিশু। ধার-দেনার সংসারে বাবার অভাব পূরণে শিশুটি চৌমুহনা পয়েন্টের বৈদ্যুতিক খুঁটির সাথে ফুটপাতে বসে বেশ কয়েকমাস যাবত লাড্ডু বিক্রি করছিল। এর জন্য চাঁদা আদায়কারী যুবক রতনকে নিয়মিত দিতে হতো প্রতিদিন ৫০ টাকা করে। এর ব্যত্যয় হলেই বসতে না দেয়ার হুমকি ও মারধর করা হতো বলে জানিয়েছে শিশু সিয়াম ।
শিশুটির অভিযোগ, সোমবার রাতে সে যখন সেখানে লাড্ডু বিক্রি করছিল, তখন রতন নামের এক যুবক চাঁদার টাকা নিতে সেখানে হাজির। রতন শহরের দরগাহ মহল্লা এলাকার বাসিন্দা বলে জানায় শিশুটি। তবে রতনের রাজনৈতিক পরিচয় কী কিংবা তাঁর পিছনে কাদের সেল্টার কাজ করছে বা তাঁর পরিচয়ের বিস্তারিত তথ্য তাতক্ষনিক জানা সম্ভব হয়নি।
শিশু সিয়াম এর অভিযোগ, রতন সোমবার রাতে এসেই বলে টাকা দে। এখানে যে বসেছো এটা আমার ক্রয় করা জায়গা। যখন শিশুটি টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন তাকে ও তার ভাইকে ব্যাপক মারধর করে রতন।
শিশু সিয়াম কান্না জরিত কন্ঠে বলেন , বাবা বাড়িতে গেছেন। বাবার কথা মতো ধার-দেনার ১০ হাজার টাকা শোধ করতেই এখানে লাড্ডু বিক্রি করি। আজ রাত ৮টায় এখানে অসেছি। তখন মাত্র ৩টা লাড্ডু বিক্রি করতে পেরেছি। রতন ডিস্টার্ব করার কারণে পশ্চিমবাজার থেকে হাটতে হাটতে এখানে এসেছি। এসে মাত্র ৩ টা লাড্ডু বিক্রি করেছি। তখন তিনি (রতন) এসে টাকা চান। আমি তখন বলেছি আপনারা তো প্রতিদিন আমার কাছ থেকে টাকা নেন। আজ না নিলে হয়না? তখন লাড্ডু লাতি দিয়ে ফেলে দেয় রতন।
প্রত্যক্ষদর্শী শাহিন আহমদ চৌধুরী বলেন, এই পথে যাওয়ার সময় হটাৎ দেখি শিশু সিয়াম যেখানে লাড্ডু বিক্রি করছিল, সেখানে রতন নামের মাস্ক পড়া এক যুবক এসে শিশুটিকে বলছে তুই এখানে বসেছিস, এখানে বসলে চাঁদা দিতে হবে, ওঠ এখান থেকে। যখন আমি জানতে চাই কিসের চাঁদা তখন সে বলে এটা (জায়গা) আমি আনছি। তখন ফের জানতে চাইলাম তুমি চাঁদা নেয়ার অনুমতি কার কাছ থেকে এনেছো। তখন উত্তেজিত হয়ে সে আমার কাছে পাল্টা জানতে চায় তুমি কে? তখন আমি শিশুিিটর কাছ থেকে চাঁদা নেয়ার প্রতিবাদ করি। এর পর শিশুটিকে লাথি মেরে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এসময় তার সাথে আরও কয়েকজন যুবক ছিল বলে জানান তিনি।
আক্ষেপ করে শাহিন চৌধুরী বলেন, জুলাই আন্দোলন আমরা করেছি এর জন্য না। জীবন বাজি রেখে আন্দোলন করেছি। এর কারণ চাঁদাবাজি, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে। শুতরাং এখানে প্রকাশ্যে চাঁদাবাজি চলতে দিতে পারিনা।
অভিযুক্ত রতন আহমদ (২৫) পিতা মো. আব্দুর রউফ। রতন তার পরিবারের সাথে শহরের দরগাহ মহল্লার বাসিন্দা কিন্তু তার গ্রামের বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বলে জানা গেছে। কিন্তু রতন আহমদের রাজনৈতিক পরিচয় এখনও শনাক্ত হয়নি।
শিশুকে মারধর ও চাঁদা দাবির বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থাকা জাসাস নেতা শাহীন চৌধুরী চাঁদাবাজ রতন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
অভিযুক্ত রতন এর সাথে বিএনপির কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার ইমন। তিনি বলেন, তাঁকে কোনদিন দেখিনি, কিংবা তাঁর কোন পরিচয়ও জানা নেই। যতটুকু জানি সে পৌরসভা কতৃক লিজ গৃহীতাদের পক্ষে অনেক বছর যাবত টাকা তুলে আসছে।
এদিকে চাঁদার দাবিতে শিশুকে নির্যাতনের দায়ে অভিযুক্ত যুবক রতন মৌলভীবাজার শহরের চৌমুহনা ও শমসেরনগর সড়ক এলাকা থেকে দীর্ঘদিন যাবত ফুটপাতে বসা ভাসমান সবজি, ফলমূলের দোকান ও ভ্যান থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে জানা গেছে। এমন কী সড়কে চলন্ত ভ্যান গাড়ি আটকিয়েও মাসোহারা আদায় করতো। তবে এ বিষয়ে অদৃশ্য শক্তির ভয়ে মুখ খোলার সাহস করেনি কেউ।
ওদিকে এ ঘটনার একটি ভিডিও সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকে ফেসবুকে পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের একটি অংশ ।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সোমবার রাতেই বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশ দ্রুততার সাথে কাজ করছে। চাঁদাবাজির ঘটনায় এর পিছনে কারা জড়িত তা খোঁজ নেয়া হচ্ছে। তিনি বলেন,, আমরা এ বিষয়ে শক্ত অবস্থানে আছি, কোন ছাড় নেই।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
