আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের প্রদত্ত সব নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, মান্দা, নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই উপজেলায় দুটি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনে কাজ করছেন। নির্বাচনি এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।