× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাদের কথায় কথায় ইসলাম কিন্তু কর্মকাণ্ডে ধর্মবিরোধী: ছাত্রদল সভাপতি

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশে একটি মোনাফেকী দল আছে। তারা কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী। তিনি ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার এক নির্বাচনী সভায় উপস্থিত স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা শুধুমাত্র বিএনপির রয়েছে। কোন কোন খাতে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে তার রোডম্যাপ বিএনপির আছে। অপরপক্ষে জামায়াতের প্রতিষ্ঠানে তাদের সংগঠনের সাথী কিংবা কর্মী ছাড়া আর কেউই চাকরি পায় না। তারা সরকারে গেলে আওয়ামী লীগের চাইতেও বেশি দলীয়করণ করবে।

রাকিব বলেন, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের দৌরাত্ম এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের উৎখাত করা হবে। আপনারা যদি বিএনপিকে ভালবেসে থাকেন তাহলে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের ৩টি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ী করবেন।


নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঝিনাইগাতীতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, অনুষ্ঠানে জামায়াতের উগ্রবাদীরা বিভিন্ন জেলা থেকে তাদের ক্যাডার বাহিনী এনে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ও চেয়ার ছুড়ে আমাদের নেতাকর্মীদের মারধর করে উল্লাস করেছে এবং তাদেরকে মিটিং থেকে বের করে দিয়েছে।


তিনি বলেন, আমরা যা চাইব তা জনগণকে নিয়ে করার সামর্থ্য আমাদের রয়েছে। বিএনপি সাড়ে ১৫টি বছর ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে, তার সন্ত্রাসীদের চোখে চোখ রেখে রাজপথে ছিল। কোনদিন আপোষ করেনি। আপনারা যে ভাষায় কুরুচিপূর্ণ শ্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করছি। যদি সতর্ক না হন তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।


সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ হযরত আলী, শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।

এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে ভোট চেয়ে ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.