× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটের দিন যত এগোচ্ছে, তত উত্তপ্ত সিলেট-২ এর নির্বাচনী মাঠ

মাহমুদ খান, সিলেট

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০১ পিএম

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার চালানোয় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সব প্রার্থীকে পেছনে ফেলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী মোছা. তাহসিনা রুশদী লুনা-এমনটাই বলছেন স্থানীয় ভোটাররা।

একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার ছেলে মো. আবরার ইলিয়াস। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তা বাতিল হয়ে যায়। অপরদিকে বিএনপি প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শুরু থেকেই এ আসনে তার অবস্থান শক্ত বলে আলোচনা চলছিল।।

সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল মো. আব্দুল হান্নানকে। তবে জোটগত সমঝোতার কারণে তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মুহাম্মদ মুনতাছির আলী।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী থাকলেও জনসমর্থনের দিক থেকে বিএনপি প্রার্থী মোছা. তাহসিনা রুশদী লুনা এগিয়ে রয়েছেন। বিগত সরকারের আমলে তার স্বামী এম. ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে তার প্রতি ব্যাপক সহানুভূতি রয়েছে। পাশাপাশি তিনি নিজে এবং তার ছেলে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব কারণ মিলিয়ে ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, এ আসনে বিএনপি প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি বলেন, সিলেট-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

অন্যদিকে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী নিয়মিতভাবে মাঠে থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে শেষ পর্যন্ত পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন গণফোরামের মো. মুজিবুল হক, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদী লুনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.