× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিটি ইজারা বিরোধে চট্টগ্রাম বন্দরে শ্রমিক আন্দোলন, কার্যক্রম স্থবির

চট্টগ্রাম ব্যুরো:

৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল ৮টা থেকে বন্দরের কার্যক্রমে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।


এদিন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠা-নামার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকেরা কেউ কাজে যোগ না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং রোববারও একইভাবে ৮ ঘণ্টার প্রশাসনিক ও অপারেশনাল স্থগিতাদেশ থাকবে।


কর্মসূচি শুরু হওয়ার পর বন্দরের জিসিবি, সিসিটি ও এনসিটি টার্মিনালগুলোতে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামার কার্যক্রমে প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কাজ চলছে।

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, "জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও আমরা পারিনি। যন্ত্রপাতি অপারেটররাও কাজে যোগ দেননি। ফলে জিসিবিতে কার্যক্রম ব্যাহত হচ্ছে।"


চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, "কর্মসূচিতে শ্রমিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে আমাদের কর্মবিরতি।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.