× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানসিক প্রতিবন্ধী বেলালকে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৫, ১৩:০৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় মানসিক প্রতিবন্ধী বেলাল হোসেনকে (৩২) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বেলাল হোসেন পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আবুল কালাম ও মৃত গুরাধন বিবির ছেলে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের প্রবেশমুখে সেমিপাকা উন্মুক্ত সেডের মেঝেতে বেলালের রক্তাক্ত দেহ পড়ে আছে। কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাতের কারণে মাথা থেতলে গেছে ও কান ছিঁড়ে গেছে। পাশে পড়ে ছিল হত্যায় ব্যবহৃত কাঠের টুকরা, খুচরা পয়সা ও ব্যবহৃত স্যান্ডেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা মাথায় আঘাত করে বেলালকে হত্যা করে পালিয়ে যায়।

মীরেরহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম বলেন, “বেলাল মানসিক প্রতিবন্ধী ছিল। সে রাতে বাজারেই থাকত। এতে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের কার্যক্রমে বাধা সৃষ্টি হতো। সম্ভবত এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও জানান, বাজারে রাতে বাইরের এলাকার কিছু যুবক আড্ডা দেয় বলে তাকে জানিয়েছেন বাজারের দারোয়ান। শনিবার রাতে বাজারে সিএনজি চালক সংগঠনের উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল হয়, যা শেষ হয় রাত ১টার দিকে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (সার্কেল) লাবিব আবদুল্লাহ ও ওসি মজিবুর রহমান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা বেলাল হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.