বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে দলের মনোনয়ন দেয়ায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলের অগ্রভাগে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো: আলমগীর বিএ, যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার এবং পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার প্রমুখ।মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামীর নির্বাচনে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে মাঠে থাকবে বিএনপি। বেগম খালেদা জিয়া যেসব আসনে প্রার্থী হবেন, তার মধ্যে ফেনী-১ আসনে সর্বাধিক ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতারা।