× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে নাশকতার অর্থের খোঁজে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

ডেক্স রিপোর্ট

২৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের করসংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে জেলার ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ১০১ জন করদাতার বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯৭ জন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা, জনপ্রতিনিধি এবং সাবেক এক স্বাস্থ্য সচিব রয়েছেন।

তালিকাভুক্ত ব্যক্তিরা গোপালগঞ্জের পাঁচটি উপজেলার বাসিন্দা। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন রয়েছেন কোটালীপাড়া উপজেলায়। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন, মুকসুদপুরে ১৪ জন এবং কাশিয়ানীতে ১৯ জন রয়েছেন। ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাসের নাম রয়েছে। মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেন।

উল্লেখ্য, গত ১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের অভিযোগও ওঠে।

এসব ঘটনার অর্থের উৎস, অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের করসংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখার অংশ হিসেবে এনবিআর ব্যাংক হিসাব জব্দ ও তলবের এ পদক্ষেপ নিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.