সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশ (এস.ডি.এস.বি.)-এর উদ্যোগে ১১তম আন্তর্জাতিক সম্মেলন, লাইভ ডেমোনস্ট্রেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের বিষয় ছিল চুল ও নখের রোগের সচেতনতা: ডার্মাটোলজিস্টের ক্রমবর্ধমান ভূমিকা। চুল ও নখের বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং ডার্মাটো সর্বশেষ অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের চর্মরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে বিদেশ থেকে আগত চারজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ—Dr. Ben Butwong (Thailand), Dr. Su Phyo Aung (Myanmar), Dr. Suryakant Kishanrao Hayatnagarkar (India) এবং Dr. Myo Zaw Min (Myanmar) অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশ (এস.ডি.এস.বি.)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মাহবুব শাহিন এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. জেড. এম. মাইদুল ইসলাম। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি.এম.ইউ.) হাসপাতালের সাবেক চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস. এম. বখতিয়ার কামাল, অধ্যাপক ডা. রাসেল মোহাম্মদ খান, অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম এবং এ ছাড়াও দেশের বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞগণ।
সম্মেলনটি সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ পরিচালিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৪৫০ জন চর্ম ও যৌনরোগ চিকিৎসক অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময়, আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা, লাইভ ডেমোনস্ট্রেশন এবং ব্যবহারিক কর্মশালার আয়োজন করা হয়।
১১তম আন্তর্জাতিক সম্মেলন, লাইভ ডেমোনস্ট্রেশন ও কর্মশালার কনফারেন্সের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আক্তার নীনা এবং কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ডা. মো. রাশিদুল হাসান সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথি, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তাদের সম্মাননা স্মারকের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।