বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধার আওতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এসিআই মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অংশীদারত্বের ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহা। এর মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহার মোটরসাইকেল কেনার জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই সুবিধার আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন কমিউনিটি ব্যাংকের এডিসি বিভাগের প্রধান মো. মামুন উর রহমান এবং এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন।
বাংলাদেশ পুলিশের সদস্যদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজন মেটাতে তাদের আর্থিক সক্ষমতা ও নমনীয়তা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোটরসাইকেল কেনার ব্যয় দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ তৈরি করে পুলিশ সদস্যদের জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য আনতে কাজ করছে কমিউনিটি ব্যাংক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক প্রয়োজন ও জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুবিধা চালু করে আসছে কমিউনিটি ব্যাংক। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও তাদের পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলার পাশাপাশি দেশজুড়ে জননিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে ব্যাংকটি।