ফরচুন ম্যাগাজিনের কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে মেটলাইফ। এ তালিকায় সামগ্রিকভাবে ১৩তম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মত সম্মাজনক এ তালিকায় স্থান পেল মেটলাইফ।
নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি কর্মীরা যেন প্রতিষ্ঠানে অবদান রাখতে পারেন; এবং, মেটলাইফের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, এমন ধরনের কাজের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ করে মেটলাইফ।
এ বিষয়ে মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও, মিশেল খালাফ বলেন, “কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন আমাদের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের প্রচেষ্টাতেই প্রতিদিন আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। মেটলাইফের নতুন কৌশলগত অগ্রযাত্রা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে আমাদের কর্মসংস্কৃতি অন্যতম বড় শক্তি। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার এবং নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও নিজেদের সহকর্মী উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”
ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি বেশ প্রতিযোগিতাপূর্ণ। ফরচুনের গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ তালিকা তৈরি করে। এতে স্থান পেতে প্রতিষ্ঠানগুলোর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতি থাকতে হয়। সেই সাথে বিশ্বজুড়ে অন্তত ৫ হাজার কর্মী এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে বিশ্বের অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে। নিজ নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে এ তালিকায় অবস্থান নির্ধারণ করা হয়।