নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার (বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আন্তর্জাতিক মানবিক আইন (International Humanitarian Law— IHL) বিষয়ক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই মুট কোর্ট প্রতিযোগিতায় এনএসইউর দলের সদস্য সুহি সামান্নাজ তাঁর অসাধারণ যুক্তি উপস্থাপনের দক্ষতার জন্য ‘সেরা বক্তা’ (Best Oralist) নির্বাচিত হয়েছেন।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহযোগিতায় ২০২৬ সালের ৬ ও ৭ নভেম্বর প্রতিযোগিতার জাতীয় পর্ব আয়োজন করে। সারা দেশের ২৭টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মেমোরিয়াল (লিখিত আইনি যুক্তি) জমা দেয়। এর মধ্যে মাত্র ১৬টি দল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।
এনএসইউর আইন বিভাগের দলটিতে ছিলেন সুহি সামান্নাজ, নাফিজ শাহরিয়ার ও এইচ. এম. রাজ। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাসমিন জাবিন নূর। প্রতিযোগিতাজুড়ে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে তাঁদের গভীর জ্ঞান, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং দলীয় সমন্বয়ের প্রশংসা করেন বিচারক ও আয়োজকেরা।
আইন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আইসিআরসির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক প্রতিনিধিদল ২০০১ সালে হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা চালু করে। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের স্মরণে প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে এটি দক্ষিণ এশিয়াজুড়ে একটি আঞ্চলিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।