কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সংকট, অভিবাসন, সংস্কৃতি ও মানবিক অস্তিত্বের পরিবর্তনশীল নানা দিক নিয়ে আলোচনায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এনএসইউ’র ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের আয়োজনে ‘মানবিকবিদ্যার মুখোমুখি: উদ্বেগ, গল্পকথন ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক এ সম্মেলনে ২৯টি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের উইমেনস অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক বানু সুব্রামানিয়াম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও আজীবন সদস্য জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজিয়া মনজুর।
মূল প্রবন্ধে ‘মাইগ্রেন্ট ইকোলজিস: টুয়ার্ডস অ্যান এনভাইরনমেন্টাল হিউম্যানিটিজ অফ প্লেস’ শীর্ষক আলোচনায় অধ্যাপক বানু সুব্রামানিয়াম ঔপনিবেশিক ইতিহাস, উদ্ভিদজগৎ ও অভিবাসনের মধ্যকার সম্পর্ক তুলে ধরেন। বিবর্তনীয় জীববিজ্ঞান ও নারীবাদী তত্ত্বের আলোকে তিনি অভিবাসন সম্পর্কে প্রচলিত বৈজ্ঞানিক ধারণা ও পরিভাষা নতুন করে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘অগ্রগামী প্রজাতি’ ও ‘আক্রমণকারী প্রজাতি’—এ ধরনের ঔপনিবেশিক ধারণাপ্রসূত পরিভাষার পরিবর্তে অভিবাসনকে কেন্দ্র করে আরও অন্তর্ভুক্তিমূলক ভাষা ও পরিভাষা গড়ে তোলা প্রয়োজন।
জনাব বেনজীর আহমেদ বলেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মানুষ হিসেবে আমাদের পরিচয় ও দায়িত্ব কী, তা নিয়ে ভাবতে হবে। এনএসইউর দায়িত্ব হলো এমন স্নাতক তৈরি করা, যাঁদের পেশাগত দক্ষতার পাশাপাশি থাকবে বিচার-বিশ্লেষণ করার ক্ষমতা, উৎকর্ষ ও সহমর্মিতা।”
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “মানবিক বিদ্যা ও উদার শিক্ষার চর্চা এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে মানুষ নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে এবং একটি সভ্য সমাজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারে।”
অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, “প্রযুক্তির ওপর অতিরিক্ত ও যাচাই-বাছাইহীন নির্ভরতার কারণে মানুষ ক্রমেই নিজের চিন্তাশক্তির ব্যবহার কমিয়ে দিচ্ছে। চিন্তার কাজ প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়ার এই প্রবণতা মানবজাতির জন্য গুরুতর হুমকি।”
ড. নাজিয়া মনজুর বলেন, “মানুষের মৌলিক পরিচয় ও মানবিকতার অর্থ কী, তা নিয়ে সময়োপযোগী অনুসন্ধানে আমরা গুরুত্ব দিচ্ছি। এই সম্মেলনের মাধ্যমে সমসাময়িক বিশ্বের আন্তসম্পর্কিত বিভিন্ন পরিবর্তন ও সংকট নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, পরিবেশগত সংকট এবং পরিবর্তনশীল সামাজিক-রাজনৈতিক বাস্তবতা এখানে গুরুত্ব পাচ্ছে।”
উদ্বোধনী অধিবেশনের পর দিনের কর্মসূচিতে ছিল “এনকাউন্টারিং আওয়ার প্রেজেন্ট: ইংলিশ স্টাডিজ নাউ” শীর্ষক একটি আলোচনা, পোস্টার প্রদর্শনী, বিভিন্ন ভেন্যুতে একাধিক একাডেমিক সেশন এবং দুটি প্লেনারি উপস্থাপনা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এ এম এম হামিদুর রহমান “স্টোরিটেলিং টু অ্যালিভিয়েট ফিয়ার অব লার্নিং” শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক বখতিয়ার আহমেদ “ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য পোর্টাল: ট্রেইলিং হিস্ট্রি, কালচার অ্যান্ড সোসাইটি থ্রু স্টোরিজ” শীর্ষক প্লেনারি উপস্থাপন করেন।
৩১ অক্টোবর সম্মেলনের দ্বিতীয় দিনে ডিউক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের অধ্যাপক এন. ক্যাথরিন হেইলসের মূল প্রবন্ধ উপস্থাপনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এদিন আরও কয়েকটি একাডেমিক সেশন, একটি প্লেনারি উপস্থাপনা এবং “Stories of the Entangled World: Writing across Boundaries” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
