× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’

সংলাপ ও অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

১৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৮ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং শিল্প পরিচালনার চ্যালেঞ্জ নিরসনের লক্ষ্যে চট্টগ্রামে ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

শনিবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বেপজাধীন চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কুমিল্লা ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীরা তাঁদের নিষ্ঠা ও সহনশীলতার মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ২০২৫-২৬ অর্থবছরে বেপজার অর্জন, বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের সেবা সহজীকরণ, শ্রমিক কল্যাণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজার বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়।

পরে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিনিয়োগ সম্প্রসারণ, শিল্প পরিচালনার বিদ্যমান চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ নিয়ে মতবিনিময় হয়। আন্তর্জাতিক শ্রমমান বজায় রেখে বিনিয়োগকারী ও শ্রমিক—উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বেপজা।

উল্লেখ্য, বর্তমানে বেপজাধীন আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চলে ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব জোনে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭.৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রপ্তানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার। দেশের রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেপজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.