মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে গতকাল ১৪/১০/২০২৬ তারিখে ‘Pursuing Higher Education at USIM and Other Universities in Malaysia: Opportunities and Prospects’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওআইইএ)-এর আয়োজনে এবং ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (ইইউআরএস) সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সেমিনারে মূল বক্তা ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। আলোচক হিসেবে বক্তব্য দেন ইউএসআইএমের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. ইউসুফ আলী।
সেমিনারের শুরুতে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের শিক্ষার স্বীকৃতি রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মূল বক্তা প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি মালয়েশিয়ার উচ্চশিক্ষাব্যবস্থা, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম এবং গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, প্রফেসর ড. মো. ইউসুফ আলী মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সেমিনারের আগে ইউএসআইএমের প্রতিনিধিদল ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় শিক্ষকদের ডক্টরাল গবেষণা, উচ্চশিক্ষার সুযোগ এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিনজনকে বিশেষ উপহার দেওয়া হয়। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওআইইএর পরিচালক, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন এবং ইইউআরএসের প্রধান গবেষণা সমন্বয়ক ড. আবু বিন ইহসান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। আয়োজকদের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দিতে এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভবিষ্যৎ একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
